ইনজুরির কারণে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের রোনান সুলিভান

ঢাকা,০১ নভেম্বর-সাফ চ্যাম্পিয়নশিপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চোটের কারণে আসন্ন টুর্নামেন্টে খেলতে পারবেন না তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েও শেষ মুহূর্তে ছিটকে গেলেন এই উদীয়মান ফুটবলার।
বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের সাফ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনানকে এবার জাতীয় দলের কোচ থমাস ডুলি প্রাথমিক দলে রেখেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে লাল-সবুজের জার্সিতে খেলার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে চোট পাওয়ায় জাতীয় দলে তার অভিষেকের অপেক্ষা আরও বেড়ে গেল।
বাফুফে সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইনজুরির কারণে রোনানকে সাফের দল থেকে বাদ দিতে হয়েছে। তার দেশে ফেরার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিমানের টিকিটও কেটেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করা হয়েছে।
প্রথমদিকে নভেম্বরের শুরুতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল না রোনানের। তবে কলেজ কোচের কাছ থেকে বিশেষ ছুটি পাওয়ার পর ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। সেই অনুযায়ী তার দেশে ফেরার প্রস্তুতিও সম্পন্ন করেছিল বাফুফে।
রোনান না থাকায় আক্রমণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ ডুলিকে। এমনিতেই দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। অন্যদিকে জ্বর থেকে সেরে উঠেছেন মিডফিল্ডার শেখ মোরসালিন।
এক দিনের বিরতির পর রবিবার সকালে দলের অনুশীলন করিয়েছেন ডুলি। তবে পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় এখনও দুই দলে ভাগ করে পূর্ণাঙ্গ ম্যাচ অনুশীলন করাতে পারেননি তিনি।
এদিকে আগামী ৫ নভেম্বরের ম্যাচের আগে বাংলাদেশ দলে থাকছেন না মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামও এখনও দলের সঙ্গে যোগ দেননি। তবে আগামীকাল তার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
এস এম/ ০১ নভেম্বর ২০২৬







