ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের উদ্বোধন, শতাধিক ব্যক্তির যোগদান

ঢাকা,০১ নভেম্বর-ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দাওয়াতি মাসের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে রাষ্ট্রের সব স্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন জরুরি। প্রচলিত ব্যবস্থায় মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শরীয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন। দেশ ও মানবতার কল্যাণে ইসলামের মহান আদর্শের পক্ষে গণজাগরণ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, দাওয়াতি মাস শুধু আনুষ্ঠানিক কোনও কর্মসূচি নয়। বরং মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সব স্তরের মানুষকে যুক্ত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ এটি। প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীকে ব্যক্তিগত যোগাযোগ, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে শতাধিক ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। এ সময় তিনি নতুন যোগ দেওয়া ব্যক্তিদের স্বাগত জানান এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও নগর পর্যায়ের নেতারা।
আব্দুল আউয়াল মজুমদার বলেন, দাওয়াতি মাসের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড ও থানার দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচিও তুলে ধরতে হবে।
এস এম/ ০১ নভেম্বর ২০২৬







