আশুলিয়ায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুর,৩০ অক্টোবর-আশুলিয়ায় বেতন-মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার রাতে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শ্রমিকদের কর্মবিরতির কারণে দিনভর কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। সন্ধ্যায় বিক্ষোভকারীরা অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নিউজ গার্মেন্টসের চতুর্থ ও পঞ্চম তলার শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। দুপুরের খাবারের বিরতির পর কারখানাটির অন্য শ্রমিকরাও কাজ বন্ধ রাখেন। একই দাবিতে নিট এশিয়া কারখানার শ্রমিকরাও দুপুরের পর কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। এ ছাড়া নিউ এজ গার্মেন্টসের শ্রমিকরাও সারাদিন কর্মবিরতি পালন করেন।
পরে ছুটির সময় এসব কারখানার একাংশ শ্রমিক দলবদ্ধ হয়ে নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে গিয়ে জড়ো হন। এ সময় তাঁরা ওই কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসার আহ্বান জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা কারখানাটির প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। এ সময় সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ নিজস্ব পানির লাইন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনন্ত গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, “নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সকাল থেকে দুটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এস এম/ ৩০ অক্টোবর ২০২৬







