কালিয়াকৈর হাই-টেক পার্কে গুগল-মেটা ও টিকটকের বিনিয়োগ প্রস্তাব

গাজীপুর, ৯ আগস্ট – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ব্যাপক কর্মতৎপরতা শুরু হয়েছে এবং সেখানে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটা ও টিকটকের পক্ষ থেকে বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। শনিবার পার্কটি পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।
দেশের প্রথম এই হাই-টেক পার্কে প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা সরেজমিনে যাচাই করতে মন্ত্রী সেখানে যান। এই পরিদর্শনটি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের একটি অংশ বলে জানা গেছে।
সরকারের নির্বাচনী ইশতেহারে আইসিটি খাতে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি মেইড ইন বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে দেশীয় পণ্যকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, ন্যাশনাল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং এআই হাব প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের সুবিধার্থে ফিসকাল ও নন-ফিসকাল প্রণোদনার একটি প্রস্তাবনাও বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, ২০০১ সালে তৎকালীন সরকার আইসিটি পলিসি ২০০২ প্রণয়ন করে এবং ২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারি কালিয়াকৈরে হাই-টেক পার্ক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
বর্তমানে এই পার্কের আয়তন দাঁড়িয়েছে প্রায় ৩৭১ একরে। মন্ত্রী জানান, পার্কে এ পর্যন্ত ৮৫টি প্রতিষ্ঠানকে জমি বা স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৪০টি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছে। এখানে বিনিয়োগ প্রস্তাবের মোট পরিমাণ ১.৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার।
পূর্ণ সক্ষমতায় কার্যক্রম শুরু হলে পার্কটিতে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই পার্কে মোবাইল ফোন, ল্যাপটপ, ফাইবার অপটিক ক্যাবল এবং গাড়ি উৎপাদনসহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের কারখানা গড়ে উঠেছে। এছাড়া ডাটা সেন্টার স্থাপনের কাজও এগিয়ে চলেছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল নীতিগত সুবিধা নিশ্চিত করা গেলে এই পার্কটি ভবিষ্যতে দেশের প্রযুক্তি পণ্য রপ্তানির প্রধান কেন্দ্রে পরিণত হবে। পরিদর্শনের সময় হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ৯ আগস্ট ২০২৬









