জাতীয়

আগামী বছরের জুলাইয়ে অভিন্ন ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক

ঢাকা,০৯ নভেম্বর-দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন এ ব্যবস্থায় গ্রাহকেরা যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা নিজের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে সহজেই টাকা পাঠাতে ও লেনদেন করতে পারবেন। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে টাকা স্থানান্তরের জন্য আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হবে না।

এ উদ্যোগের ফলে আর্থিক সেবার আওতা বাড়বে, নগদ টাকার ব্যবহার কমবে এবং লেনদেন আরও দ্রুত ও সহজ হবে। একই সঙ্গে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষও ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারের সুযোগ পাবেন।

গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করার জন্য এ সফটওয়্যার তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এর ফলে ধীরে ধীরে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে টাকা স্থানান্তরের প্রয়োজন কমে আসবে।

তিনি বলেন, এ ব্যবস্থা চালু হলে গ্রাহকেরা আর নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বরং যেকোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।

আইআইপিএস চালু হলে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে টাকা পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে টাকা স্থানান্তর করা সম্ভব হবে।

দেশের বর্তমান ডিজিটাল লেনদেন অবকাঠামোর ওপর ভিত্তি করেই নতুন এ ব্যবস্থা গড়ে তোলা হবে। বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে।

তবে বর্তমান ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একটি নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোকে একই ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে যিনি টাকা গ্রহণ করবেন, তাঁর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এ ব্যবস্থায় যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

সিরাজুল ইসলাম বলেন, আগের ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো তৈরি করা প্রয়োজন।

নতুন আইআইপিএসের মাধ্যমে এ সীমাবদ্ধতা কাটিয়ে আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক সংযোগ স্থাপন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শুধু দেশের ভেতরের লেনদেন নয়, আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও নতুন এ ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে।

এ গবেষণায় নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকেরা অংশ নেন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে অর্থের প্রবাহ বাড়াতে আইআইপিএসের সম্ভাবনা নিয়ে তাঁরা আলোচনা করেন।

পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।

গবেষকদের মতে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে দেশে রেমিট্যান্স বিতরণ আরও দ্রুত ও সহজ হবে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো টাকা দ্রুত এবং তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তবে এ ধরনের আন্তঃসীমান্ত লেনদেন চালু করতে আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তির ব্যবস্থা এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।

নতুন এ ব্যবস্থার সুবিধা শুধু ব্যক্তি পর্যায়ের গ্রাহকেরাই পাবেন না, ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও এর ইতিবাচক প্রভাব পড়বে। সিরাজুল ইসলাম বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে কাগজের নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের খরচ কমবে।

অন্যদিকে, ব্যবসায়ীরা নগদ টাকা ব্যবস্থাপনার খরচ কমানো, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন। সরকারও বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে সহজে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।

সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসারের ফলে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বড় হয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নেটওয়ার্ক না থাকায় নির্বিঘ্নে লেনদেনের ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, একটি অভিন্ন প্ল্যাটফর্ম চালু হলে এসব সীমাবদ্ধতা দূর করে আরও সহজ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তবে আইআইপিএসের সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি মানুষের আস্থার ওপর।

কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আইআইপিএস দেশের লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এতে টাকা লেনদেন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আর্থিক খাতে স্বচ্ছতা বাড়বে এবং আরও বেশি মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসবেন।

আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রাকে দেশের ডিজিটাল আর্থিক খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language