হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূলে একাধিক বিস্ফোরণের শব্দ, কারণ নিয়ে অনিশ্চয়তা

তেহরান,৩০ অক্টোবর-ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজ প্রণালির কাছে একাধিক বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা ফার্স। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, সিরিক উপকূলীয় এলাকা ও কেশম দ্বীপের কাছাকাছি সমুদ্রের দিক থেকে এসব শব্দ এসেছে।
ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের বাসিন্দারা আকাশে আলোর ঝলকানি দেখার পাশাপাশি বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। এ ছাড়া কয়েকটি সূত্র ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতার খবরও জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের মতো শোনা কিছু শব্দ হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত কয়েকটি নৌযানকে সতর্ক করতে ছোড়া গুলির কারণে হয়ে থাকতে পারে।
তবে ঠিক কী কারণে এসব শব্দ শোনা গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনা বা এর সম্ভাব্য কারণ সম্পর্কে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এস এম/ ৩০ অক্টোবর ২০২৬







