এক মাসে ডলারের দাম বেড়েছে প্রায় দেড় টাকা, ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা,০৩ নভেম্বর-এক মাসের ব্যবধানে দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের বিনিময় হার প্রায় দেড় টাকা বেড়েছে। অন্যদিকে, কার্ব মার্কেটে (খুচরা বাজার) প্রতি ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সায় উঠেছে। হঠাৎ ডলারের বিনিময় হার বাড়তে থাকায় ব্যাংক নির্বাহীদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠকে গভর্নর মো. মোস্তাকুর রহমান এ সতর্কবার্তা দেন।
বৈঠকে অংশ নেওয়া ব্যাংক নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের বেশির ভাগ ব্যাংকের ডলার ধারণক্ষমতা বা এনওপি (নিট ওপেন পজিশন) এখন ভালো অবস্থায় রয়েছে। বাজারে ডলারের সরবরাহেও তেমন ঘাটতি নেই। অন্যদিকে, ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ার মতো কোনো ঘটনাও ঘটেনি। এরপরও গত এক মাস ধরে আন্তঃব্যাংক মুদ্রাবাজারের পাশাপাশি কার্ব মার্কেটেও ডলারের দাম বাড়ছে। ব্যাংক নির্বাহীদের সঙ্গে বৈঠকে ডলারের প্রবাহের এই চিত্র তুলে ধরে গভর্নর বলেন, ব্যাংকগুলোর এনওপি ইতিবাচক থাকার পরও ডলারের দাম এতটা বাড়ার কথা নয়। সংকটের অজুহাত দেখিয়ে কোনো পক্ষ যাতে ডলারের বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘দেশের সব ব্যাংকের এমডিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি মূলত নন-রেসিডেন্ট টাকা কনভার্টিবল অ্যাকাউন্ট (এনআরসিটিএ) নিয়ে ছিল। ডলারের প্রবাহ বাড়াতে ভারত-পাকিস্তানসহ অনেক দেশ প্রবাসীদের আকৃষ্ট করতে এ ধরনের হিসাব চালু করেছে এবং এতে ব্যাপক সাফল্যও পেয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকেও সম্প্রতি এ ধরনের হিসাব চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে কীভাবে এনআরসিটিএ হিসাবকে জনপ্রিয় করা যায়, তা নিয়ে আলোচনা করতেই ব্যাংক নির্বাহীদের বৈঠকে ডাকা হয়েছিল। সবাই মিলে প্রাণবন্ত আলোচনা হয়েছে। আশা করছি, প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এনআরসিটিএ হিসাব জনপ্রিয়তা পাবে।’
আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংক অনেক আগেই ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করেছে। বৈঠকে ব্যাংক নির্বাহীদের বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলারের বিনিময় হার বাড়লে কেন্দ্রীয় ব্যাংকের আপত্তি নেই। তবে কোনো পক্ষ যাতে কৃত্রিমভাবে ডলারের দাম বাড়াতে ভূমিকা রাখতে না পারে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৩০ পয়সা। অথচ অক্টোবরের প্রথম সপ্তাহেও ডলারের সর্বোচ্চ দর ছিল ১২২ টাকা ৯২ পয়সা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে প্রতি ডলারের দাম ১ টাকা ৩৮ পয়সা বেড়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঘোষিত এই দরের চেয়েও ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে এক থেকে দুই টাকা বেশি নিচ্ছে।
বৈঠকে অংশ নেওয়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘প্রবাসীদের মধ্যে এনআরসিটিএ হিসাব জনপ্রিয় করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। গভর্নর আমাদের কাছে এ বিষয়ে পরামর্শ চেয়েছেন। আমরা কিছু পরামর্শ দিয়েছি। এ-সংক্রান্ত নীতিমালার বিষয়ে ব্যাংক নির্বাহীদের পক্ষ থেকে কিছু লিখিত প্রস্তাবও দেওয়া হবে। আর ডলারের বিনিময় হার নিয়ে গভর্নর সতর্ক থাকতে বলেছেন। বাজারে যাতে কোনো অস্থিরতা তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন।’
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







