২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছাপিয়ে গেল ফাইনালকেও

আবুধাবি,০৩ নভেম্বর-বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে টিকিটের জন্য ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। পুরুষদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ দেখতে টিকিট নিবন্ধনের সময় শেষ হতে আর তিন সপ্তাহেরও কম বাকি। এর মধ্যে টিকিটের চাহিদা বেড়েই চলেছে। তবে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালের চাহিদাকেও ছাড়িয়ে গেছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত টিকিটের জন্য ১২ কোটির বেশি আবেদন জমা পড়েছে। গতকাল নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া আগামী বছর ৫০ ওভারের এই বিশ্বকাপ আয়োজন করবে। ১৪ দল নিয়ে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আইসিসি জানিয়েছে, ১০ অক্টোবর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালের চেয়েও বেশি।
জোহানেসবার্গের এই স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচের টিকিটের জন্য প্রায় ৮৪ লাখ আবেদন জমা পড়েছে। একই মাঠে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮০ লাখ।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত টিকিটের এই লটারির আবেদনপ্রক্রিয়া চালু থাকবে। এরই মধ্যে ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক টিকিটের জন্য আবেদন করেছেন। এ ছাড়া বিভিন্ন ম্যাচের জন্য ৩ কোটি ২০ লাখের বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে বোঝা যায়, টিকিটের চাহিদা শুধু বেশি আলোচিত ম্যাচগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই।
আফ্রিকার মাটিতে সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। ২৪ বছর পর আফ্রিকায় ফিরছে এই বিশ্বকাপ। এবারের আসরে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ১২টি শহরে।
টিকিটের জন্য নিবন্ধনে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এ ছাড়া আফ্রিকা মহাদেশ থেকে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।
দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিতব্য ৪১টি ম্যাচের জন্য ১০ কোটি ৫০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলোর জন্য আবেদন জমা পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়েতে টিকিটের জন্য মোট আবেদন ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ভিক্টোরিয়া ফলসে ‘মোসি-ওআ-তুনিয়া’ নামে নতুন স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে-ভারত ম্যাচের জন্য ৩৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে।
নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ছয়টি ম্যাচের জন্য ২০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের জন্য প্রায় ৯ লাখ আবেদন এসেছে।
টিকিটের জন্য নিবন্ধন করতে দর্শকেরা tickets.cricketworldcup.com ওয়েবসাইটে গিয়ে পছন্দের ম্যাচ বেছে নিতে পারবেন। যারা এই লটারির আবেদনপ্রক্রিয়া চালু থাকা অবস্থায় নিবন্ধন করবেন না, প্রক্রিয়াটি বন্ধ হওয়ার পর তারা এর মাধ্যমে টিকিট পাওয়ার সুযোগ পাবেন না।
আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা বলেন, ‘আইসিসি ২০২৭ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের প্রতি মানুষের সাড়া সত্যিই অভূতপূর্ব। টিকিটের এত বেশি চাহিদা টুর্নামেন্টটির বিশ্বজুড়ে জনপ্রিয়তা এবং ২৪ বছর পর আফ্রিকার মাটিতে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে।’
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







