ক্রিকেট

স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে শ্রীলঙ্কা ক্রিকেট দল

শ্রীলঙ্কা ক্রিকেট দল

কলম্বো,০১ নভেম্বর- পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। তবে সেই হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন এক দুঃসংবাদের মুখে পড়েছে দলটি। স্লো ওভার রেটের কারণে আর্থিক জরিমানা গুনতে হয়েছে লঙ্কানদের।

তবে ফাইনালে নয়, গত বৃহস্পতিবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই অপরাধ করেছিল শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের কোটা শেষ করতে এক ওভার পিছিয়ে থাকায় দলটির ওপর জরিমানা আরোপ করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি এক ওভার কমের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হয়।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস নিজের দলের অপরাধ স্বীকার করে আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন এই অভিযোগ আনেন।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language