ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ হবে, চুক্তি না হলে সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ওয়াশিংটন, ০২ নভেম্বর-ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুতই শেষ হবে বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র নিজেই সামরিক অভিযানের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাবে।
সোমবার রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ট্রাম্প বলেন, ‘আমরা দারুণ এক বিজয় অর্জন করেছি এবং খুব দ্রুতই বিষয়টির সমাধান করব, যেকোনো একভাবে। হয় তারা কোনো চুক্তি করবে, অথবা আমরা নিজেরাই এর অবসান ঘটাব। অবসান ঘটানো, আমার মনে হয় আপনারা বলতে পারেন, হয়তো সহজ উপায়েই।’
এ সময় তিনি ইঙ্গিত দেন, নতুন করে কোনো মার্কিন সামরিক অভিযান চালানো হলে তা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল ও ভয়ংকর হবে।
পরে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ায় এক নির্বাচনি সমাবেশেও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, অনির্দিষ্ট কোনো এক সময়ে তেহরানের ওপর তাকে ‘হাতুড়ি পেটা’ করতে হতে পারে।
৮০ বছর বয়সি এই মার্কিন প্রেসিডেন্ট ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ইরানের সঙ্গে সংঘাত শেষ না করার একমাত্র কারণ হলো, আমি তাদের প্রতি সদয় হতে চাই। যদি পারি, আমি সবার জীবন রক্ষা করতে চাই। তবে কোনো না কোনো সময়ে আমাদের তাদের ওপর কঠোর পদক্ষেপ নিতেই হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়। এর কয়েক সপ্তাহ পর থেকেই ট্রাম্প বলে আসছেন, যুদ্ধ দ্রুত শেষ হবে।
সর্বশেষ তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের পরই সংঘাতের দ্রুত অবসান ঘটবে।
এস এম/ ০২ নভেম্বর ২০২৬







