জাতীয়

বাংলাদেশে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করল সুইডিশ দূতাবাস

সুইডিশ দূতাবাস

ঢাকা,০২ নভেম্বর-শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। এখন থেকে এই ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও আবেদনসংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাস এখন আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় কিংবা এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, শেনজেন ভিসার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার অনুমতি এখন আর দূতাবাসের নেই। তাই আবেদনকারী ও স্পন্সরদের এ সংক্রান্ত সব প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। আবেদনকারী ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছে দূতাবাস।

১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন ব্যবস্থায় বাংলাদেশ থেকে জমা দেওয়া স্বল্পমেয়াদি শেনজেন ভিসার আবেদনের বিষয়ে সব সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নেবে। তবে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আগের মতোই থাকবে। এ ক্ষেত্রে আবেদনকারীরা আগের মতোই ঢাকায় ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তথ্য জমা দিতে পারবেন।

দূতাবাস জানিয়েছে, এই পরিবর্তন শুধু আবেদন প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশে শেনজেন ভিসা পরিষেবা পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়নি।

উল্লেখ্য, শেনজেন ভিসা হলো ইউরোপের ২৯টি দেশে প্রবেশের জন্য একটি স্বল্পমেয়াদি অনুমতিপত্র। এই ভিসার মাধ্যমে যেকোনো ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করা যায়।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language