জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ঢাকা,০২ নভেম্বর-চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই সাত নেতা হলেন—সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটনমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।
এর আগে ২৬ অক্টোবর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, আমির হোসেন আমুসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। সেটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে। তারা বৈঠকে উপস্থিত ছিলেন এবং জুলাই গণহত্যার সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত ছিলেন। এসব অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে।
এদিকে দীপু মনি ও আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার আসামি হিসেবেও রয়েছেন।
এস এম/ ০২ নভেম্বর ২০২৬







