আইন-আদালত

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ

ঢাকা,০১ নভেম্বর-সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে দিশাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার কাফরুল থানার নিজ বাসা থেকে দিশাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন জেরিকা তাসনিম দিশা। এ ছাড়া ঘটনার আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এ গিয়েছিলেন। একটি মোটরসাইকেল গ্যারেজে এ মামলার অপর রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও দিশাকে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে। এ ছাড়া নিহত তাহসিফের সঙ্গে দিশা রেস্টুরেন্টে অবস্থান করেছিলেন এবং মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছিলেন। নিহত তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর) পর্যালোচনা করে দেখা যায়, ঘটনার আগে দিশার সঙ্গে তার একাধিকবার ফোনে কথা বলার প্রমাণ রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, প্রাথমিকভাবে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেফতার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মুখোমুখি যাচাই করার জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখায় পুলিশ।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language