জাতীয়
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবন ও দূতাবাসে উড়বে জাতীয় পতাকা

ঢাকা,০১ নভেম্বর-জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে ৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনের পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত গত ৫ অক্টোবর নিয়েছিল মন্ত্রিসভা। ফলে এ দিবসে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
এস এম/ ০১ নভেম্বর ২০২৬







