খাগড়াছড়ি

অবরোধ একদিনের জন্য শিথিল হলেও চালক-শ্রমিকদের কারণে বন্ধ খাগড়াছড়ি-সাজেক সড়ক

খাগড়াছড়ি-সাজেক সড়ক

খাগড়াছড়ি,০১ নভেম্বর-খাগড়াছড়ির সাজেক সড়কে একদিনের জন্য অবরোধ শিথিল করা হলেও যানবাহন চালানো থেকে বিরত ছিলেন চালক ও শ্রমিকেরা। ফলে রবিবারও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সাজেক অধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ একদিনের জন্য শিথিল করলেও সড়কে কোনো যানবাহন চলাচল করেনি।

খাগড়াছড়ি থেকে দীঘিনালা, দীঘিনালা থেকে সাজেক এবং দীঘিনালা-বাঘাইহাট সড়কেও সকাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি। একইভাবে সাজেক থেকেও কোনো যানবাহন খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসেনি।

যানবাহনের চালক ও শ্রমিকেরা জানান, খাগড়াছড়ি থেকে বাঘাইহাট হয়ে সাজেকে গাড়ি নিয়ে গেলে পরদিন অবরোধের কারণে তারা আর ফিরে আসতে পারবেন না। এতে গাড়িসহ আটকা পড়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে একদিনের জন্য অবরোধ শিথিলের সিদ্ধান্তের পরও তারা গাড়ি চালানো থেকে বিরত থাকেন।

এদিকে, যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেক ও আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

উল্লেখ্য, সাজেক অধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ একদিনের জন্য শিথিল করেছিল।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language