খাগড়াছড়িতে জ্বালানি তেলের তীব্র সংকট: ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল

খাগড়াছড়ি, ২৪ এপ্রিল – খাগড়াছড়িতে জ্বালানি তেল সংগ্রহে সাধারণ মানুষের ভোগান্তি কাটছেই না। প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত পরিসরে তেল বিক্রি করার কারণে পেট্রোল পাম্পগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। এতে জ্বালানি নিতে আসা যানবাহন চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
শুক্রবার সকালে শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সকাল ১০টার দিকে মেহেরুন্নেছা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশার দীর্ঘ সারি বাস টার্মিনাল ছাড়িয়ে শান্তিনগর সড়ক পর্যন্ত পৌঁছেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
হ্ললাপ্রু চৌধুরী নামের এক ভুক্তভোগী জানান, তেলের সংকট ও বিক্রির সময় নির্দিষ্ট করে দেওয়ায় তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা ভাড়ায় গাড়ি চালান, তাদের আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
ঋষি বড়ুয়া নামের অন্য একজন ক্রেতা বলেন, শহরের সব পাম্প একসঙ্গে তেল বিক্রি না করায় এই জটলা তৈরি হচ্ছে। অনেক সময় লাইনে দাঁড়িয়ে থেকে শেষ মুহূর্তে জানানো হচ্ছে তেল নেই, যার ফলে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।
খাগড়াছড়ি ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার নীতি ভূষণ চাকমা জানান, সরবরাহ স্বাভাবিক না হওয়ায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সীমিত আকারে জ্বালানি বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, সম্প্রতি সাড়ে চার হাজার লিটার অকটেন পাম্পে এসেছে, যার একটি অংশ জরুরি সেবার জন্য রাখা হয়েছে।
তবে শুধু জেলা শহরেই নয়, উপজেলার কৃষি কাজে ব্যবহৃত জ্বালানি তেল নিয়েও রয়েছে নানা অভিযোগ। অনেক কৃষককে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে তেল কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি কৃষি কার্ডের কড়াকড়ির কারণে অনেক সাধারণ কৃষক জ্বালানি তেল সংগ্রহে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬









