খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ১১০০ কেজির ষাঁড় সম্রাট, দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা

খাগড়াছড়ি, ১৫ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে খাগড়াছড়ির পশুর হাটগুলোতে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের কোরবানির বাজারে প্রধান আকর্ষণে পরিণত হয়েছে দানবীয় আকৃতির এক ফ্রিজিয়ান ষাঁড় যার নাম রাখা হয়েছে সম্রাট। কুচকুচে কালো রঙের এই ষাঁড়টির সুঠাম গঠন ও বিশাল আকৃতি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শেঠ এগ্রো ফার্মস লিমিটেডে অত্যন্ত যত্ন সহকারে সম্রাটকে লালন পালন করা হয়েছে। খামার কর্তৃপক্ষের তথ্যমতে গরুটির বর্তমান ওজন প্রায় ১ হাজার ১০০ কেজি যা এক টনেরও বেশি। এবারের কোরবানির হাটে সম্রাট নামের এই ষাঁড়টির দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা।

খামারের কর্মচারী মো. ওয়ালি উল্লাহ বাবু জানান সম্রাটকে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক বা ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় করা হয়েছে। এর রাজকীয় খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, ভুট্টা, মিষ্টি কুমড়া ও ধানসহ বিভিন্ন পুষ্টিকর খাবার। প্রতিদিন গরুটির খাবারের পেছনে এক হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে।

খাগড়াছড়ি প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে পাহাড়ি অঞ্চলের পশুর মাংসে চর্বি কম থাকে এবং প্রাকৃতিকভাবে বেড়ে ওঠায় এসব মাংস নিরাপদ ও সুস্বাদু হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমেন চাকমা বলেন পাহাড়ের পশুর একটি আলাদা বৈশিষ্ট্য হলো এরা দেখতে হৃষ্টপুষ্ট হলেও স্বাস্থ্যঝুঁকি নেই কারণ এদের রাসায়নিকমুক্ত খাবারে বড় করা হয়।

চলতি বছর জেলায় কোরবানির পশুর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কয়েক হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে সম্রাটকে এক নজর দেখতে খামারে ভিড় বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language