কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

ঢাকা,২৯ অক্টোবর-চব্বিশের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
এর আগে, গত ৭ অক্টোবর দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
মাহবুব-উল আলম হানিফ ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আসামিদের সবাই পলাতক রয়েছেন।
গত বছরের ২ নভেম্বর এই মামলায় চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, ষড়যন্ত্র করা এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এস এম/ ২৯ অক্টোবর ২০২৬







