ডলারের দর বেড়ে যাওয়ায় রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা,২৯ অক্টোবর-বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ১২৪ টাকা থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে মোট ৮০ কোটি ডলারের চাহিদা ছিল। তবে কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করেছে ১২ কোটি ২০ লাখ ডলার। এর আগে গত ২০ অক্টোবর প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকাররা জানান, বুধবার সকালে বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স হাউসগুলোর কাছ থেকে প্রতি ডলার ১২৪ টাকা ৩০ পয়সা থেকে ১২৪ টাকা ৫০ পয়সা দরে কেনার প্রস্তাব পায়। কয়েকটি ব্যাংক ১২৪ টাকা ৩০ পয়সা দরেও ডলার কিনেছে। তবে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করার পর রেমিট্যান্স হাউসগুলো আরও কম দামে ডলার বিক্রির প্রস্তাব দেয়।
বুধবার ৩০ কোটি ডলারের বেশি বৈদেশিক পেমেন্ট থাকায় ডলারের বাজারে চাপ বেড়েছে। পাশাপাশি মাসের শেষ দিকে প্রবাসী আয় তুলনামূলক কম আসায় ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।
এর আগে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রির নোটিশ দিলেও শেষ পর্যন্ত রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক।
চলতি অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে মোট ১৫ কোটি ৩৫ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
এস এম/ ২৯ অক্টোবর ২০২৬







