তাইওয়ানের বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

ইসলামাবাদ,২৯ অক্টোবর-বেইজিংয়ের ‘এক-চীন’ নীতির কথা উল্লেখ করে তাইওয়ানের বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। দেশটির আকাশসীমা ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসলামাবাদ। গত বুধবার এপি, ব্লুমবার্গ ও ডনের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
অফিসিয়াল নথির বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাইওয়ানভিত্তিক দুটি প্রধান বিমানসংস্থা চায়না এয়ারলাইন্স ও ইভা এয়ারকে আবারও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ইসলামাবাদ। এই অনুমতি আগামী ২০২৭ সালের ২৭ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তাইওয়ানের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি চীনের প্রতি পাকিস্তানের দীর্ঘদিনের সমর্থন এবং ‘এক-চীন’ নীতি অনুসরণের কথা উল্লেখ করে বলেছিলেন, পাকিস্তানের এভিয়েশন বিভাগ কঠোরভাবে এই নীতি অনুসরণ করে। শুধু মূল ভূখণ্ড চীনকেই অনুমতি দেওয়া হয়। তিনি আরও বলেন, কেবল চীনা বিমানসংস্থাগুলোকেই পাকিস্তানের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর থেকে তাইওয়ানের বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে চলাচল শুরু করে। এর জবাবে কঠোর প্রতিক্রিয়া জানায় তাইপে। তাইওয়ানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাইপে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করে, ইসলামাবাদ তাইওয়ানের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে এবং আন্তর্জাতিক আকাশসীমাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে ও অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে।
এস এম/ ২৯ অক্টোবর ২০২৬







