জাতীয়

ঠাকুরগাঁও উপনির্বাচনে পরিবেশ নষ্টের প্রমাণ মেলেনি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন

ঢাকা,২৯ অক্টোবর- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিরোধী দল যেসব অভিযোগ করেছে, সেগুলোর বিষয়ে খোঁজখবর নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ নষ্ট হয়েছে, এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঠাকুরগাঁও উপনির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা তদারকি করতে যান সিইসিসহ চার কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব।

তদারকি শেষে সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়বে।

তিনি বলেন, বিভিন্ন বাহিনীর টহল নির্বাচন ভবন থেকেই ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঠাকুরগাঁও উপনির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক তদারকি চলছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সবকিছু জনগণের সামনে তুলে ধরতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ভোটের লড়াইকে উৎসবে পরিণত করে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।

এস এম/ ২৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language