উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের পারমাণবিক গবেষণাগারে আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর খবর নেই

যুক্তরাষ্ট্রের পারমাণবিক গবেষণাগারে আগুন

ওয়াশিংটন, ২৯ অক্টোবর- যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান সহায়ক গবেষণা কেন্দ্র সাভানা রিভার সাইটের (এসআরএস) অন্তর্গত সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ। আইকেনের কাছে অবস্থিত এই কমপ্লেক্সে বুধবার সন্ধ্যায় আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সরকারি এক বিবৃতিতে জ্বালানি বিভাগ নিশ্চিত করেছে, ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই জরুরি প্রোটোকল চালু করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উদ্ধার ও জরুরি সাড়াদান কাজে সরাসরি যুক্ত নন, এমন সব কর্মীকে তাঁদের কাজ বন্ধ রেখে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নতুন কোনো যানবাহন যাতে কমপ্লেক্সে প্রবেশ করতে না পারে, সে জন্য প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আশপাশের রেলপথ, নদী ও আকাশপথে চলাচলেও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়।

পরে রাত ৯টা ৪৫ মিনিটে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। তেজস্ক্রিয়তা জরিপ চালিয়ে ক্ষতিকর কোনো উপাদানের উপস্থিতি পাওয়া না যাওয়ায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে আগে নেওয়া সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার থেকে কেন্দ্রটিকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন মূলত একটি কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এ ঘটনায় ভূমি স্তরে ফিল্টারবিহীন তেজস্ক্রিয়তা নির্গত হয়েছে। দুর্ঘটনায় অন্তত একজন কর্মী সামান্য আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের শুরুতে স্নায়ুযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এসআরএস মূলত যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম ও ট্রিটিয়াম উৎপাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে কেন্দ্রটির উৎপাদনকারী রিয়্যাক্টরগুলো বন্ধ করে দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের মজুত রক্ষণাবেক্ষণ এবং সেগুলোর সক্ষমতা সচল রাখতে এই কমপ্লেক্স এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এসআরএসে মূলত ট্রিটিয়াম প্রক্রিয়াজাত করা ও পুনরায় পূরণের কাজ করা হয়। ট্রিটিয়াম হাইড্রোজেনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ, যা পারমাণবিক ওয়ারহেডের বিস্ফোরণক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। এ ছাড়া কেন্দ্রটিতে পারমাণবিক উপকরণ ব্যবস্থাপনা, তেজস্ক্রিয় বর্জ্য শোধন এবং পরিবেশ পরিষ্কার করার মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের মজুত আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে পারমাণবিক ওয়ারহেডের জন্য প্লুটোনিয়াম কোর তৈরির একটি স্থাপনাও এসআরএসে নির্মাণ করছে মার্কিন সরকার।

এস এম/ ২৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language