‘ক্যাঙারু কোর্টের রায়’ বলায় ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চাইলেন দুই আইনজীবী

ঢাকা,২৬ অক্টোবর-মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলায় সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।
সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে তাঁরা নিঃশর্ত ক্ষমা চান। শুনানি শেষে তাঁদের আদালত অবমাননার বিষয়টি কতটা গুরুতর ছিল, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।
এদিকে আওয়ামীপন্থি দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে এবং আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে একজন বিচারক অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। সেদিনও অভিযুক্ত দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাঁদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে এসেছিলেন। ওই সময় তাঁদের সঙ্গে আওয়ামীপন্থি আরও বেশ কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার স্বার্থে সেদিন তাঁদের সবাইকে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেওয়া হয়নি।
গত ১৫ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করেন এই দুই আইনজীবী। এর পরদিন, ১৬ সেপ্টেম্বর, তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। সেদিন প্রসিকিউশন জানিয়েছিল, রায় নিয়ে বিরূপ মন্তব্য করা ওই দুই ব্যক্তি আইনজীবী হওয়ায় তাঁদের মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। এ কারণেই তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
এস এম/ ২৬ অক্টোবর ২০২৬







