আইন-আদালত

চট্টগ্রামের ডেভিড ইমনের আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর

ডেভিড ইমন

চট্রগ্রাম,২৮ অক্টোবর-চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার একটি জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে তাঁকে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পরে দুই মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার বাবলাকে বহনকারী একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে বাবলা বেঁচে গেলেও দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ২০২৫ সালের ৫ নভেম্বর বিএনপির নগর আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সঙ্গে গণসংযোগে গেলে বায়েজিদের ওয়াজেদিয়ায় সরোয়ার বাবলার পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। এ ঘটনায় বাবলা নিহত হন এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language