শিক্ষা

এসএসসির মূল নম্বরপত্র বিতরণ শুরু ৩ নভেম্বর, চলবে ১০ নভেম্বর পর্যন্ত

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড

ঢাকা,২৮ অক্টোবর-চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) বিতরণ শুরু হবে আগামী ৩ নভেম্বর। এ কার্যক্রম চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় অবস্থিত সনদ শাখা থেকে মূল নম্বরপত্র বিতরণ করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা তাঁর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিয়ে মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন।

তবে এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের অনুলিপি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রে কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসব কাগজপত্র ছাড়া কোনো অবস্থাতেই মূল নম্বরপত্র বিতরণ করা হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবে। ৪ নভেম্বর শরীয়তপুর ও মানিকগঞ্জ এবং ৫ নভেম্বর গাজীপুর ও রাজবাড়ী জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করবে। এ ছাড়া ৮ নভেম্বর নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।

অন্যদিকে, ৯ নভেম্বর নরসিংদী, ঢাকা জেলা ও গোপালগঞ্জ এবং ১০ নভেম্বর কিশোরগঞ্জ ও ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language