গাজীপুর

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের অবরোধ, দেড় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গাজীপুর,১৪ নভেম্বর-গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে যান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তাঁরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে এসেছেন। তখন মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশ কাজ করছিল। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে ছিল।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language