খরার মধ্যে আমাজনে বাড়ছে দাবানল, ব্রাজিলের পারা রাজ্যে ১২০ দিনের জরুরি অবস্থা ঘোষণা

ব্রাসিলিয়া,১৪ নভেম্বর-জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় তীব্র খরা দেখা দিয়েছে। এর মধ্যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় সরকার।
জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে পারা রাজ্যে পাঁচ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা প্রায় ২০২৫ সালের পুরো নভেম্বর মাসে রেকর্ড হওয়া অগ্নিকাণ্ডের সমান। শুধু গত ৪৮ ঘণ্টাতেই প্রায় ৭০০টি অগ্নিকাণ্ড সক্রিয় ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘোষিত এই জরুরি অবস্থা ১২০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় চারণভূমি পরিষ্কার করা বা জমি প্রস্তুতের কাজে আগুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণ এবং নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে অতিরিক্ত জনবল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পারা রাজ্যে প্রায় ৮৭ লাখ মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে খরা চলায় বনাঞ্চলের গাছপালা ও ঝোপঝাড় শুকিয়ে গেছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। রাজ্য সরকারের ভাষ্য, শুকনো উদ্ভিদ দাবানলের বিস্তার আরও বাড়িয়ে দিচ্ছে। এতে স্থানীয় জনগোষ্ঠী, বনাঞ্চল এবং অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে এল নিনো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই জলবায়ুগত ঘটনার ফলে তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টিপাত কমে যাচ্ছে। এতে আমাজন অঞ্চলে খরার তীব্রতা আরও বাড়ছে। চলতি বছর এল নিনোর প্রভাব বিশেষভাবে শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
দাবানলের প্রভাব এরই মধ্যে আমাজনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী আমাজনাস রাজ্যের রাজধানী মানাউসের আশপাশে শত শত দাবানল জ্বলছে। এসব আগুনের ধোঁয়ায় সেখানে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছিল। জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে অক্টোবরের শুরুতে শহরটির বিভিন্ন এলাকার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিশ্বের সবচেয়ে বড় ক্রান্তীয় অরণ্য আমাজন। বিশাল জীববৈচিত্র্যের আবাসস্থল হওয়ার পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণেও এই বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপুল পরিমাণ কার্বন শোষণ করে বনটি জলবায়ুর ভারসাম্য রক্ষায় সহায়তা করে। তাই আমাজনের দাবানল শুধু ব্রাজিলের পরিবেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই উদ্বেগের বিষয়।
উল্লেখ্য, ২০২৪ সালে ব্রাজিলের আমাজন অঞ্চলে রেকর্ডসংখ্যক দাবানলের ঘটনা ঘটেছিল। চলতি বছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে দাবানলের প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে।
এস এম/ ১৪ নভেম্বর ২০২৬







