দক্ষিণ আমেরিকা

‘এল নিনো’র প্রভাবে বন্যা ও খরা, বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

লা পাজ,০১ নভেম্বর- ‘এল নিনো’র প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

এ সময় প্রেসিডেন্ট বলেন, ‘এল নিনো’র প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। বলিভিয়াতেও এর কারণে কোথাও বন্যা, আবার কোথাও খরা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ ও অন্যান্য সম্পদ দ্রুত ব্যবহারের সুযোগ তৈরি করতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভাষণে প্রেসিডেন্ট পাজ বলেন, ‘এল নিনো’র প্রভাবে খরা ও বন্যার মতো পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ সংকট মোকাবিলায় সব সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, জরুরি অবস্থা ঘোষণার আওতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও বেশি উদ্ধারকারী দল মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিশ্বের আবহাওয়ার পরিবর্তনের অন্যতম প্রধান কারণ ‘এল নিনো’ গত কয়েক মাস ধরে আরও শক্তিশালী হয়ে উঠছে। এর প্রভাবে দেখা দিচ্ছে ভয়াবহ দাবানল, নজিরবিহীন বন্যা এবং অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়। এমন পরিস্থিতিতে ‘এল নিনো’র কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language