দক্ষিণ আমেরিকা

লুলার অভিযোগ, ব্রাজিলের নির্বাচনে ট্রাম্প হস্তক্ষেপ করে বলসোনারোকে জেতাতে চাইছেন

ট্রাম্প হস্তক্ষেপ করে বলসোনারোকে জেতাতে চাইছেন

ব্রাসিলিয়া,২৫ সেপ্টেম্বর- ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। লুলার নির্বাচনী প্রচার দলের প্রকাশ করা নতুন একটি টেলিভিশন বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, ব্রাজিলের প্রাকৃতিক সম্পদ দখল এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের একটি উপনিবেশে পরিণত করার লক্ষ্যেই ট্রাম্প এই নির্বাচনে হস্তক্ষেপ করছেন। বিজ্ঞাপনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প লুলার চরম ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে জয়ী করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছেন।

বিজ্ঞাপনে নারী কণ্ঠের বর্ণনায় বলা হয়, ফ্লাভিও বলসোনারো হচ্ছেন ট্রাম্পের পছন্দের প্রার্থী এবং ট্রাম্প ব্রাজিলকে উপনিবেশে পরিণত করতে, দেশটির সম্পদ কেড়ে নিতে এবং ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লুলা নিজেও অভিযোগ করে লিখেছেন, বলসোনারো ব্রাজিলের প্রাকৃতিক সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চান। তিনি আরও সতর্ক করে বলেন, বলসোনারোর ইচ্ছা পূরণ হলে ব্রাজিল আবারও উপনিবেশের যুগে ফিরে যাবে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনে ষড়যন্ত্র বা হস্তক্ষেপের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার।

আগামী ৪ অক্টোবর ব্রাজিলে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান জরিপগুলোতে লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রথম ধাপে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় ধাপের রান-অফ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে, ওয়াশিংটনের সম্ভাব্য প্রভাব নিয়ে ব্রাজিলসহ আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগও তত বাড়ছে। ইতোমধ্যে ব্রাজিলের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপসহ কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে মার্কিন প্রশাসন নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

এস এম/ ২৫ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language