ভারতের রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২, পাকিস্তানের দাবি নিয়ে নতুন আলোচনা

দিল্লি,২০ নভেম্বর-ব্রিটিশ এভিয়েশনবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত এক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আগে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বহরে ফ্রান্সের তৈরি ৩৬টি রাফাল যুদ্ধবিমান ছিল। তবে বর্তমানে সেই সংখ্যা কমে ৩২টিতে দাঁড়িয়েছে। প্রকাশিত এই পরিসংখ্যান ওই সংঘাতের সময় ভারতের কয়েকটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইসলামাবাদের দাবিকে আরও জোরালো সমর্থন দিচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর বার্ষিক নির্দেশিকা ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এ ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় বহরে ৩২টি রাফাল যুদ্ধবিমান থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। ফরাসি ভাষায় ‘রাফাল’ শব্দের অর্থ দমকা হাওয়া। এটি ফ্রান্সের দাসো এভিয়েশনের নকশা ও নির্মাণ করা দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। ফরাসি এই প্রতিষ্ঠান বিমানটিকে বহুমুখী ভূমিকা পালনে সক্ষম হিসেবে বর্ণনা করে। এটি শত্রুপক্ষের গভীরে আঘাত হানা, পারমাণবিক প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি এবং জাহাজ বিধ্বংসী হামলার মতো অভিযান পরিচালনা করতে পারে। যুদ্ধবিমানটি এর আগে আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক, সিরিয়া এবং সর্বশেষ পাকিস্তান-ভারত রণাঙ্গনে ব্যবহার করা হয়েছে।
২০১৬ সালে ফ্রান্সের দাসো এভিয়েশনের কাছ থেকে প্রায় ৮৮০ কোটি ডলারে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক চুক্তি করেছিল ভারত। এ ছাড়া সম্প্রতি দেশটি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার ক্রয়াদেশ দিয়েছে।
২০২৫ সালের মে মাসে অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। নয়াদিল্লি কোনো প্রমাণ ছাড়াই ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করেছিল। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দেওয়া ঘটনার বিবরণের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে এবং জানায়, ভারতের বক্তব্য ‘বানোয়াট তথ্যে ভরপুর’।
চার দিনব্যাপী ওই সংঘাতে উভয় পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। এতে বহু মানুষ প্রাণ হারান। একে অপরের বিমানঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সংঘাতের পরপরই পাকিস্তান জানায়, ওই যুদ্ধে তারা ফরাসি নির্মিত রাফালসহ ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে নয়াদিল্লি সংঘাতের সময় ‘কিছু ক্ষয়ক্ষতির’ কথা স্বীকার করলেও ছয়টি যুদ্ধবিমান হারানোর দাবি নাকচ করে দেয়।
সে সময় ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছিলেন, ভারতীয় বিমানবাহিনীর পরিচালিত একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের হাতে ভূপাতিত হয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধে অত্যাধুনিক এই ফরাসি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা ঘটে। ওই ফরাসি কর্মকর্তা সিএনএনকে আরও জানিয়েছিলেন, আকাশযুদ্ধে পাকিস্তানের হামলায় একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে ফরাসি কর্তৃপক্ষ।
চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী জানায়, ওই সংঘাতে তাদের ‘নিশ্চিত সাফল্যের’ তালিকায় ভূপাতিত চারটি রাফাল, একটি সু-৩০, একটি মিগ-২৯, একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান এবং একটি মাল্টি-রোল মানবহীন আকাশযান বা ড্রোন ছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার বলেছেন, ওই সংঘাতের সময় বেশ কয়েকটি বিমান ভূপাতিত হয়েছিল। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে তিনি এই সংখ্যা ১০টি বলে উল্লেখ করেন। শুরুতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেও পরে পর্যায়ক্রমে গত বছরের অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে সাতটি এবং নভেম্বরে আটটি বলে জানিয়েছিলেন ট্রাম্প।
প্রসঙ্গত, এভিয়েশন মিডিয়া আউটলেট ‘ফ্লাইটগ্লোবাল’ থেকে মাসিক ভিত্তিতে প্রকাশিত ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’ ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়। মহাকাশ ও বিমান চলাচলবিষয়ক এই সাময়িকী বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত এভিয়েশন সংবাদ সাময়িকী।
এস এম/ ২০ নভেম্বর ২০২৬







