১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

কলকাতা,২০ নভেম্বর-ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’-এর পরিচালনায় থাকা বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আগামী ৩০ নভেম্বরের পর থেকে আর ভিসার আবেদন জমা দেওয়া যাবে না। এ বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের ভিসা আউটসোর্সিং সেবার চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর ২০২৬ শেষ হচ্ছে। ইতোমধ্যে সরকার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির দুটি ভিসা আবেদন কেন্দ্র আর কার্যক্রম চালাবে না।
বিজ্ঞপ্তিতে ভিসা প্রত্যাশীদের ৩০ নভেম্বরের পর ওই দুটি কেন্দ্রে আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নতুন ভিসা আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এস এম/ ২০ নভেম্বর ২০২৬







