নারায়নগঞ্জ

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের সড়ক অবরোধ

রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ,২১ নভেম্বর-নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিয়েও বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন। এ সময় প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করতে গেলে শ্রমিকরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, চাকরি হারিয়ে তাঁরা এমনিতেই বিপাকে পড়েছেন। এর মধ্যে কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাঁদের একটাই দাবি, দ্রুত পাওনা বেতন পরিশোধ করতে হবে।

এ সময় শ্রমিকরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন রানা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।

এদিকে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী অফিসে প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাঁকে আটকে বকেয়া বেতনের বিষয়ে জবাবদিহি চান এবং লাঞ্ছিত করেন। এ সময় তিনি বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

তবে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শ্রমিকরা।

এস এম/ ২১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language