নারায়নগঞ্জ

সোনারগাঁয়ে যাত্রীবেশে বাসে উঠে আগুন দিল দুর্বৃত্ত, হতাহত নেই

যাত্রীবেশে বাসে উঠে আগুন

নারায়ণগঞ্জ,১৯ নভেম্বর-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসে ওঠে। এরপর বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই বাস থেকে নেমে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

এরপরপরই বাসের ভেতরে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে। তবে বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের তৎপরতায় সবাই দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

চালক ও যাত্রীদের সতর্কতার কারণে এ ঘটনায় কেউ হতাহত হননি। সবাই নিরাপদে বাস থেকে নেমে যেতে পেরেছেন।

তিনি আরও জানান, খবর পাওয়ার পর দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language