আ.লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় স্বাভাবিক জনজীবন, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা,১৯ নভেম্বর-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে ঢাকার কোথাও লকডাউনের কোনো প্রভাব দেখা যায়নি। গাবতলী ও সায়েদাবাদ থেকে নিয়মিত সময়েই দূরপাল্লার বাস ছেড়ে গেছে। একইভাবে বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন রুটের দূরপাল্লার বাস ঢাকায় এসেছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বরিশাল ও ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু ও যমুনা সেতু সচল এবং নিরাপদ থাকায় এসব পথে সহজেই যানবাহন চলাচল করছে।
ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আধা সামরিক বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে ছিলেন সরকারদলীয় রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুধু রাজধানীতেই নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপির কর্মীরাও সক্রিয় ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হয়নি। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বুধবার রাতে মিরপুর, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থান নেন এবং বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণের সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকায় জনজীবন স্বাভাবিক থাকলেও ঢাকার বাইরে কয়েকটি স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক থাকলেও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
শ্যামলী পরিবহনের সায়েদাবাদ কাউন্টারের ম্যানেজার কবির হোসেন খান বৃহস্পতিবার সকাল ৯টায় ইনকিলাবকে বলেন, বুধবার রাতে তাদের বাসগুলো নির্ধারিত সময়ে দেশের বিভিন্ন জেলা ও কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আবার বিভিন্ন জেলা থেকেও নিরাপদে ঢাকায় ফিরেছে। কোথাও কোনো বাধার মুখে পড়তে হয়নি। আজ ভোর ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা প্রথম ট্রিপের বাসটি সকাল সাড়ে ৮টার পর সায়েদাবাদে পৌঁছেছে। তবে সকাল ৭টার পর ছেড়ে আসা একটি বাস ভাঙ্গার ছাগলছিড়া নামের স্থানে যানজটে আটকে রয়েছে। ভাঙ্গা সড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে নাশকতাকারীরা। এ কারণে কিছু বাস বিকল্প বা বাইপাস সড়ক ব্যবহার করে নির্ধারিত গন্তব্যে যাতায়াত করছে।
এদিকে উত্তরাঞ্চলের সব রুটের বাস বুধবার রাতে গাবতলী থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে এবং যথাসময়ে ফিরে এসেছে। আজ ভোর থেকেও নিয়মিত বিরতিতে কিংবা নির্ধারিত সময় অনুযায়ী বাস ছেড়ে যাচ্ছে। গাবতলীর একটি পরিবহনের ম্যানেজার জানান, উত্তরাঞ্চলের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। লকডাউনকে কেন্দ্র করে এর আগেও গাজীপুরের চান্দুরা নামের স্থানে দুটি বাস ভাঙচুর করা হয়। বুধবার রাতে নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে একটি বাসে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। একই রাতে গৌরনদীতে একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। বরগুনার আমতলীতেও একটি গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর থেকে ঢাকায় আসছিলেন শাহাদাৎ হোসেন নামের এক যাত্রী। তিনি বলেন, ভাঙ্গায় পৌঁছানোর পর তার বাসটি আটকে যায়। সেখানে আওয়ামী লীগপন্থীরা গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছিল। পরে বিএনপির কর্মীরা এসে রাস্তার প্রতিবন্ধকতা সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর বাসটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তিনি জানান, এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত নিরাপদেই পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছেছেন তিনি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে পরিবহন সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, শ্রমিকদের অজুহাত দেখিয়ে একটি পরিবহন কোম্পানি বাস চলাচল বন্ধ রাখার চেষ্টা করছে। তার মতে, ওই পরিবহনের মালিক আওয়ামী লীগ সমর্থিত। গোপালগঞ্জ ও এর আশপাশের সড়ক দিয়ে যেসব বাস চলাচল করে, সেগুলো ফরিদপুর এলাকায় যানজটে আটকে পড়েছে। অনেক জায়গায় রাস্তায় গাছের টুকরো ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তবে বিকল্প পথে অনেক পরিবহন ঢাকায় ফিরছে। এছাড়া সিলেট, কুমিল্লা ও নওগাঁসহ বিভিন্ন মহাসড়কেও আওয়ামী লীগের দোসররা প্রতিবন্ধকতা তৈরি করেছিল। তবে মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও বৃহস্পতিবার সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মহাসড়কগুলোতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পলাতক দুর্বৃত্তরা রাতের আঁধারেই নাশকতার চেষ্টা করেছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, গোয়েন্দা তথ্য এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও কঠোরতার সঙ্গে কাজ করছে। তিনি স্পষ্ট করে বলেন, গাড়ি ভাঙচুর কিংবা ককটেল বিস্ফোরণের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর যেকোনো চেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে। অরাজকতা সৃষ্টিকারীদের যেকোনো মূল্যে দমনের জন্য মাঠপর্যায়ের প্রতিটি পুলিশ সদস্যকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, নাগরিকদের জানমাল রক্ষায় পুলিশ, এসআরবি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গোয়েন্দা সংস্থার সদস্যরা ছদ্মবেশে বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি চালিয়ে যাচ্ছেন।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, যারা অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত দলের কোনো ধরনের লকডাউন বা বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না।
এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদ বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের উসকানি বা নাশকতা মোকাবিলায় এসআরবির সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। নিষিদ্ধ ঘোষিত কোনো গোষ্ঠী বা দলের অপতৎপরতা কিংবা অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন ফারুক আহমেদ।
এদিকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় মোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি সদস্যরা কাজ করছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এস এম/ ১৯ নভেম্বর ২০২৬







