রক্তাক্ত লাশের ওপর দিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চায়: রিজভী

ঢাকা,১৯ নভেম্বর-রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।
সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানুষ সহাবস্থান চায় উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চরিত্র। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় তারা। এ কাজে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, দেশে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, এই যাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে এতে ইন্ধন দিচ্ছে।
এস এম/ ১৯ নভেম্বর ২০২৬







