জাতীয়

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৯০-৯৫ শতাংশ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

বৃষ্টির পূর্বাভাস

ঢাকা,১৯ নভেম্বর-বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশে শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ একটি ক্রান্তীয় বৃষ্টি বলয় সক্রিয় হতে যাচ্ছে। এর প্রভাবে দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বৃষ্টি বলয় আগামী সোমবার পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। এর সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যেতে পারে আগামী ২০ ও ২১ নভেম্বর। এই মৌসুমি বৃষ্টি বলয়ের কারণে দেশের ওপর থেকে তাপপ্রবাহ পুরোপুরি দূর হয়ে আবহাওয়া বেশ শীতল হয়ে উঠতে পারে।

বিডব্লিউওটি জানায়, বৃষ্টি বলয়টি প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় হতে শুরু করবে। এরপর ধীরে ধীরে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে। এর সক্রিয়তার মাত্রা বিবেচনায় খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এর প্রভাব ভালোভাবে দেখা যাবে। রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি এলাকায় মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এর প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।

এই বৃষ্টি বলয়ের সময় কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির কোনো আশঙ্কা নেই। তবে দেশের অধিকাংশ এলাকায় দমকা বা মাঝারি বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব এবং বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে উত্তাল থাকতে পারে। এছাড়া দেশের আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বলয়ের বেশি সক্রিয় এলাকাগুলোতে একটানা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ চট্টগ্রাম বিভাগে অন্যান্য এলাকার তুলনায় রোদের দেখা কিছুটা বেশি মিলতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। তবে পাহাড়ি ঢল বা পাহাড়ধসের কোনো আশঙ্কা নেই।

বিভাগভিত্তিক বৃষ্টির পরিমাণ সম্পর্কে সংস্থাটি জানায়, এই পাঁচ দিনে ঢাকায় ১৪০ থেকে ১৬০ মিলিমিটার, খুলনায় ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রাজশাহীতে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং বরিশালে ৮০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহে ৬০ থেকে ৮০ মিলিমিটার, সিলেটে ৫০ থেকে ৭০ মিলিমিটার, চট্টগ্রামে ২০ থেকে ১০০ মিলিমিটার এবং রংপুরে ৩০ থেকে ৭৯ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। এই বৃষ্টির ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকার কৃষিজমির সেচের চাহিদা পূরণ হতে পারে।

এদিকে জেলাভিত্তিক পূর্বাভাসে বিডব্লিউওটি জানিয়েছে, খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরা জেলায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে ঢাকা বিভাগের রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা এবং রাজশাহী বিভাগের পাবনা ও নাটোর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের পাশের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা, দিঘা, বর্ধমান, আসানসোল, বহরমপুর ও ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও এই বৃষ্টি বলয়ের প্রভাবে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি বলয় চলার সময় দেশের আকাশ মেঘলা থাকবে এবং রোদের উপস্থিতি কম থাকায় জনজীবনে বেশ শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, দেশজুড়ে টানা বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে তাপমাত্রা হঠাৎ করেই উল্লেখযোগ্য পরিমাণে কমে যেতে পারে। ফলে চলতি মৌসুমের স্বাভাবিক আবহাওয়ার তুলনায় বেশি ঠাণ্ডা অনুভূত হতে পারে। আজ থেকেই বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান দ্রুত কমতে শুরু করতে পারে। এতে জনজীবনে শীতের আমেজ আরও বাড়বে।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language