ইউরোপ

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার অর্থনৈতিক ভূমিকা তুলে ধরলেন পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মস্কো,১৯ নভেম্বর-এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার চীনের শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া বিশ্বের জন্য উন্মুক্ত এবং আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্মেলনের মূল অধিবেশনে পুতিন বলেন, এপেকভুক্ত অর্থনীতিগুলোর সঙ্গে গঠনমূলক অংশীদারত্ব বজায় রাখা রাশিয়ার দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য। এ সময় তিনি আঞ্চলিক দেশগুলোকে রাশিয়ার পণ্য পরিবহন ও সরবরাহসংক্রান্ত অবকাঠামো ব্যবহারের আহ্বান জানান।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে জানা গেছে, পুতিন বলেছেন, বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি রাশিয়া নিজেদের অর্থনৈতিক সক্ষমতাও বাড়াচ্ছে। এ লক্ষ্য অর্জনে শিল্প খাতের ভিত্তি শক্তিশালী করা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মৌলিক সংস্কারের কাজ অব্যাহত রয়েছে।

পুতিনের ভাষায়, ‘আমরা রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতির কাঠামোয় আমূল পরিবর্তন এনেছি।’

আঞ্চলিক সহযোগিতার বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, এপেকের উচিত সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যের পরিবেশ তৈরি করা এবং সহযোগিতা বাড়াতে গঠনমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা।

তিনি জানান, সম্মেলনের চূড়ান্ত ঘোষণা হিসেবে অনুমোদনের জন্য প্রস্তুত করা ‘শেনঝেন ঘোষণার’ খসড়ায় এসব লক্ষ্য তুলে ধরা হয়েছে। মস্কো এই খসড়াকে সমর্থন করছে।

এদিকে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো পুতিনকে এড়িয়ে চলছে। ওই অভিযানের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতের সূচনা হয়েছে।

তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পুতিন।

এর আগে বুধবার এপেকের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তিন নেতার আসন্ন শীর্ষ বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language