ক্রোয়েশিয়ার পুলিশের বিরুদ্ধে ৫৩ অভিবাসনপ্রত্যাশীকে নির্মম মারধর ও পুশব্যাকের অভিযোগ, অস্বীকার প্রশাসনের

জাগ্রেব, ১৮ নভেম্বর – বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করা ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে নির্মমভাবে মারধর করে জোরপূর্বক বসনিয়া-হারজেগোভিনায় ‘পুশব্যাক’ করার গুরুতর অভিযোগ উঠেছে ক্রোয়েশিয়ার পুলিশের বিরুদ্ধে। চলতি সপ্তাহের শুরুতে ঘটা এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম নৃশংস সীমান্ত সহিংসতার বলে উল্লেখ করেছে একটি মানবিক সহায়তা সংস্থা। তবে বরাবরের মতো এবারও এ ধরনের কোনো তথ্য বা অভিযোগের বিষয়ে সম্পূর্ণ অজ্ঞতা প্রকাশ করেছে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ।
অস্ট্রিয়ার মানবিক সহায়তা সংস্থা ‘এসওএস বলকান রুট’ (SOS Balkanroute)-এর প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বসনিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার ছয়টি পৃথক দল থেকে বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তানের ওই ৫৩ জন নাগরিককে আটক করা হয়েছিল।
মানবিক সংস্থাটির দাবি, মুখোশ পরা ক্রোয়েশিয়ার পুলিশের প্রায় ১৫ জন সদস্য ওই অভিবাসনপ্রত্যাশীদের ওপর পৈশাচিক নির্যাতন চালান। তারা সেখানে নড়াচড়া করা প্রত্যেককে ব্যাপক মারধর করেন। এই নৃশংস হামলায় অন্তত পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর হাত-পা ভেঙে গেছে এবং তাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। ভুক্তভোগীদের মধ্যে তিনজন নারী ও দুজন শিশুও অন্তর্ভুক্ত ছিল।
সংস্থাটির প্রতিষ্ঠাতা পেতার রোসানদিচ ক্ষোভ প্রকাশ করে এএফপিকে বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে এ ধরনের সহিংসতা এখন একটি ‘পদ্ধতিগত’ রূপ নিয়েছে। ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ, গণমাধ্যম এবং ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিকরা আর এই নির্যাতন ও অপরাধ ধামাচাপা দিয়ে রাখতে পারেন না।”
এদিকে এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাবোর বোজিনোভিচ গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ কেবল সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই এ বিষয়ে জানতে পেরেছে। তাঁর দাবি, “এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। এমনকি বসনিয়ার কর্তৃপক্ষ বা দেশটির পুলিশের কাছ থেকেও আমরা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাইনি।”
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘতম বহিঃস্থ স্থলসীমান্তগুলোর একটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে ক্রোয়েশিয়া। বলকান রুট ব্যবহার করে ইইউভুক্ত দেশগুলোতে প্রবেশের চেষ্টা করা অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের জন্য ট্রানজিট হিসেবে ক্রোয়েলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, বলকান রুটে অনিয়মিত সীমান্ত পারাপারের প্রবণতা কিছুটা কমলেও অভিবাসনপ্রত্যাশীদের ওপর সীমান্তরক্ষীদের নিপীড়নের অভিযোগ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এনএন/ ১৮ নভেম্বর ২০২৬







