নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

নারায়ণগঞ্জ,০৩ নভেম্বর-নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষের সময় অবরোধে আটকে পড়া বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন শ্রমিকরা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুর ৩টার দিকে আন্দোলনরত শ্রমিকরা শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন। এতে সড়কটির দুই পাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৫টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে আবার যানবাহন চলাচল শুরু হয়।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, সকাল থেকে সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু দুপুরের পর বিপুলসংখ্যক শ্রমিকের উপস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে লিংক রোড অবরোধ করেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করেছে। দীর্ঘ সময় পর সন্ধ্যায় সড়ক অবরোধমুক্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এরপর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া চার থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







