গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত

গাজা,২৪ নভেম্বর-ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ নিহত ব্যক্তি উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সোমবার ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে একটি পুলিশ তল্লাশিচৌকিতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এছাড়া গাজা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-কারামা এলাকায় ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত হয়েছেন। উত্তর গাজার বিভিন্ন স্থানে পৃথক ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন আরও চার ফিলিস্তিনি।
অন্যদিকে, আলজাজিরার ২৩ নভেম্বরের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর এক কর্মীও নিহত হয়েছেন। আদেল আল-হেলো নামের ওই কর্মী জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পানির কূপের কাছে দায়িত্ব পালন করছিলেন। এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
এস এম/ ২৪ নভেম্বর ২০২৬







