এসএসসিতে মেধার ভিত্তিতে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

ঢাকা,২৪ নভেম্বর-চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রতিটি শিক্ষা বোর্ডের সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার।
প্রস্তাবনা অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে প্রণোদনা হিসেবে এসব ল্যাপটপ দেওয়া হবে। অর্থাৎ, প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে নির্বাচন করা হবে।
১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদের জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। সব মিলিয়ে মোট দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়েও এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা করছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার লক্ষ্যেই শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীনে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হবে। এ জন্য সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে এ উদ্যোগের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।’
তিনি বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় রেখে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
এ বিষয়ে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের যুক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজেদের তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করে পাঠাবে।’
তিনি আরও জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং তাতে মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিতরণের সময় আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা
ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, শুধু জিপিএ-৫ পাওয়াই নয়, পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের প্রথম ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ও অনুপাত বিবেচনায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের কাঠামো অনুসরণ করে সাধারণ শিক্ষা বোর্ডের অন্য আটটিতেও একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা আলাদা পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। সব বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরি বোর্ডে এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম। সে অনুযায়ী আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।’
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ বলেন, ‘দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। আমাদের শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনা করে তালিকা চূড়ান্ত করা হয়েছে।’
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে বর্তমান সরকার এ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে।’
এস এম/ ২৪ নভেম্বর ২০২৬







