দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ উড়োজাহাজ, উল্লুং দ্বীপে আতঙ্ক

সিউল,২৪ নভেম্বর-দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে বেশ কয়েকটি রুশ সামরিক উড়োজাহাজ প্রবেশ করাকে কেন্দ্র করে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী পূর্ব সাগরের আকাশে মঙ্গলবার এ ঘটনা ঘটে। এর পরপরই যুদ্ধবিমান উড়ায় সিউল এবং উল্লুং দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) এক বিবৃতিতে জানানো হয়েছে, রুশ সামরিক উড়োজাহাজগুলো আকাশ প্রতিরক্ষা অঞ্চলে (কেএডিআইজেড) প্রবেশের আগেই সেগুলো শনাক্ত করা হয়। পরে উড়োজাহাজগুলো উল্লুং দ্বীপের কাছাকাছি পৌঁছালে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এফ-১৫কে (F-15K) যুদ্ধবিমানসহ বিমানবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান আকাশে ওড়ানো হয়। তবে রুশ উড়োজাহাজগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন না করেই পূর্ব সাগরের দিকে ফিরে যায়।
এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৫২ মিনিটের দিকে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এবং উত্তর গিয়ংসাং প্রাদেশিক সরকার উল্লুং দ্বীপের বাসিন্দাদের ভূগর্ভস্থ স্থাপনা বা নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার জরুরি নির্দেশ দেয়। এতে দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তিন মিনিট পর উড়োজাহাজগুলো বিপজ্জনক এলাকা ছেড়ে চলে গেছে জানিয়ে সতর্কতা প্রত্যাহার করা হয়। পরে সামরিক বাহিনীও আগের ঘোষণাটি সংশোধন করে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কতটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে বা সেগুলো কোন মডেলের, তা তাৎক্ষণিকভাবে জানায়নি সিউল। প্রায় ৯ হাজার মানুষের বসবাসকারী উল্লুং দ্বীপে এ ঘটনায় কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২২ সালেও বড় ধরনের আতঙ্কের মুখে পড়েছিল উল্লুং দ্বীপ। সে সময় দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া সাগরে ২০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দ্বীপটির দিকে এগিয়ে এলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
এ ছাড়া এক সপ্তাহ আগেও, গত ১৭ নভেম্বর একই জলসীমার আকাশে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে বেশ কয়েকটি রুশ সামরিক উড়োজাহাজ সাময়িকভাবে প্রবেশ করেছিল। তখনও সেগুলোকে প্রতিহত করতে যুদ্ধবিমান উড়িয়েছিল সিউল। একই দিন জাপানও মস্কোর কাছে কূটনৈতিক প্রতিবাদ জানায়। টোকিওর দাবি ছিল, সন্দেহভাজন দুটি রুশ উড়োজাহাজ দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলের আকাশসীমায় প্রবেশ করেছিল।
এস এম/ ২৪ নভেম্বর ২০২৬







