ইউরোপ

লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করলেন জেলেনস্কি

জেলেনস্কি

কিয়েভ,২৩ নভেম্বর-লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া রাশিয়ার অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানোর কথা জানিয়েছেন তিনি।

জেলেনস্কি এ ঘটনাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের ‘অনুকরণীয় অভিযান’ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, রবিবার ইউক্রেনের বাহিনী সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার নতুন যুদ্ধজাহাজ ‘মেরকুরি’তে হামলা চালায়। এতে জাহাজটি ডুবে যায়। এ হামলায় রাশিয়ার একটি কে-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া রাশিয়ার ‘এমভি আঙ্গারা’ নামের একটি পণ্যবাহী জাহাজে হামলার বিষয়টিও নিশ্চিত করেন জেলেনস্কি। লিবিয়ার পূর্বাঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের সময় জাহাজটি বন্দরে নোঙর করা ছিল। রাশিয়ায় ফিরে যাওয়ার পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য সেখানে থেমেছিল জাহাজটি। ড্রোন হামলায় জাহাজটি আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, রবিবারের হামলার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সোমবার লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) এ হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, ‘লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার সামর্থ্য রাখে না এবং দেশটিকে কোনওভাবেই এমন পরিস্থিতিতে জড়ানো উচিত নয়।’

পূর্বাঞ্চলীয় প্রশাসন রবিবারের হামলার জন্য কাউকে দায়ী করেনি। তবে তারা স্পষ্ট করে জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয়।

উত্তর আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ লিবিয়া ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে রাজনৈতিকভাবে বিভক্ত। বর্তমানে দেশটির রাজধানী ত্রিপোলিভিত্তিক সরকার এবং পূর্বাঞ্চলের প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে। ফলে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তা সংকট অব্যাহত রয়েছে।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language