আবাসন সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে রোববার আগাম নির্বাচনে ভোট দেবে স্পেন

মাদ্রিদ,২৬ নভেম্বর-কয়েক মাস ধরে চলা সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক টানাপোড়েনের পর আগামী রোববার আগাম সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে স্পেনের জনগণ। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আট বছরের শাসনামলের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তীব্র আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন নিয়ে উত্তেজনা এবং সামরিক ব্যয় ও পররাষ্ট্রনীতি নিয়ে বিতর্ক এবারের নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
এই নির্বাচনে ভোটাররা পার্লামেন্টের নিম্নকক্ষ ‘কংগ্রেস অব ডেপুটিজ’-এর ৩৫০টি আসনের সব সদস্য এবং উচ্চকক্ষ সিনেটের নির্বাচিত অংশের প্রতিনিধিদের নির্বাচন করবেন। স্পেনের নির্বাচনী ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। সরকার গঠনের জন্য কোনো প্রার্থীকে পার্লামেন্টের প্রথম দফার ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ কমপক্ষে ১৭৬ জন ডেপুটির সমর্থন পেতে হয়। তা না হলে পরবর্তী দফার ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয়। ২০২৩ সালের নির্বাচনে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেনি। পরে বামপন্থী সুমার জোটের সঙ্গে জোট গঠন এবং আঞ্চলিক আইনপ্রণেতাদের সমর্থন আদায় করে ক্ষমতায় টিকে থাকেন পেদ্রো সানচেজ।
মূলত গত ২ অক্টোবর পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত দুটি আবাসন সংস্কার ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর প্রধানমন্ত্রী সানচেজ ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেন। পার্লামেন্টে এই পরাজয়ের মধ্য দিয়ে তাঁর সংখ্যালঘু সরকারের দুর্বল অবস্থান প্রকাশ্যে চলে আসে। সানচেজকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কাতালান বিচ্ছিন্নতাবাদী দল ‘জুন্টস’ ওই ভোটে বিরোধীদের পক্ষে অবস্থান নেওয়ায় সরকার বিপাকে পড়ে। পাশাপাশি সাবেক পরিবহনমন্ত্রী হোসে লুইস আবালোস এবং দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সান্তোস সেরদানসহ দলের শীর্ষস্থানীয় সাবেক নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়েও সানচেজের সমাজতান্ত্রিক সরকার ব্যাপক চাপের মুখে রয়েছে।
নির্বাচনে সানচেজের স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই)-এর প্রধান প্রতিদ্বন্দ্বী আলবার্তো নুনেজ ফেইজোর নেতৃত্বাধীন রক্ষণশীল পিপলস পার্টি (পিপি)। এ ছাড়া সান্তিয়াগো আবাসকালের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ‘ভক্স’ গত নির্বাচনের পর থেকে জনমত জরিপে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউয়ের নেতৃত্বাধীন বামপন্থী ‘ফ্রেন্তে আম্পলিও’ জোট, ‘পোদেমোস’ এবং কাতালান ও বাস্ক অঞ্চলের কয়েকটি আঞ্চলিক দল। নির্বাচনী জরিপ প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারির আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর সংকলিত সর্বশেষ জরিপের গড় হিসাবে ৩১ দশমিক ৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে পিপি। এরপর ২৯ শতাংশ সমর্থন নিয়ে রয়েছে সমাজতান্ত্রিক দল পিএসওই। আর ১৭ দশমিক ৯ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভক্স।
স্পেনের অর্থনীতি ইউরোপের বেশিরভাগ দেশের তুলনায় দ্রুত বাড়লেও মানুষের আয়ের তুলনায় আবাসন ব্যয় অনেক বেশি বেড়ে যাওয়ায় দেশটিতে তীব্র আবাসন সংকট তৈরি হয়েছে। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা সম্পত্তির দাম যেখানে ২৫ শতাংশ বেড়েছে, সেখানে স্পেনে বেড়েছে ৪৩ শতাংশ। বর্তমানে দেশটিতে আনুমানিক ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। গত সেপ্টেম্বরে মাদ্রিদের ৮৭ বছর বয়সী বাসিন্দা মারিকারমেন আবাসকালের উচ্ছেদের ঘটনা এই সংকটকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৭১ বছর ধরে বসবাস করা অ্যাপার্টমেন্ট থেকে তাঁকে উচ্ছেদ করা হয়েছিল। তাঁর মাসিক ভাড়া ছিল প্রায় ৫০০ ইউরো বা ৫৪৯ ডলার। কিন্তু বাড়ির মালিক ভাড়া বাড়িয়ে ২ হাজার ৬৫০ ইউরো দাবি করেছিলেন।
পরে একটি সমঝোতার মাধ্যমে আবাসকাল নিজের বাড়িতে ফেরার সুযোগ পেলেও গত ৭ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবাসন সংকট মোকাবিলায় সমাজতান্ত্রিক দল ভাড়া নিয়ন্ত্রণ এবং সরকারি আবাসনের সংখ্যা বাড়ানোর কথা বলছে। অন্যদিকে পিপি ১০ লাখ নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। তবে রক্ষণশীল পিপি ও ভক্স—দুই দলই বর্তমান আবাসন আইন বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে।
বাড়িভাড়া আকাশচুম্বী হওয়া এবং জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রতিবাদে স্পেনজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী আবাসন, বেশি মজুরি এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে ট্রেড ইউনিয়নগুলোর ডাকে গত ১১ নভেম্বর দেশটিতে ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালিত হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি চলতি বছরে দুটি বড় রেল দুর্ঘটনাও সরকারের ওপর জনরোষ ও চাপ বাড়িয়েছে। গত জানুয়ারিতে আদামুজের কাছে একটি ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। এরপর গত ২৮ অক্টোবর মধ্য স্পেনের উর্দার কাছে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান ৬৯ জন। সর্বশেষ এই দুর্ঘটনার পর মাদ্রিদে পরিবহন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। ভক্স এই দুর্ঘটনার জন্য সরাসরি সানচেজকে দায়ী করে এবং ফ্রেন্তে আম্পলিও রাজনৈতিক জবাবদিহি দাবি করে। তীব্র চাপের মুখে গত ৩ নভেম্বর পদত্যাগ করেন পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
অভিবাসন সংকটও এবারের নির্বাচনের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। উত্তর আফ্রিকার উপকূলে মরক্কো সীমান্তবর্তী স্পেনের ছিটমহল সেউতায় অভিবাসীদের নজিরবিহীন প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৩০ ও ৩১ জুলাই প্রায় এক লাখ মানুষ শহরটিতে প্রবেশ করে। তাদের মধ্যে হাজার হাজার অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শিশু ছিল। এর ফলে স্থানীয় আশ্রয়কেন্দ্র ও অবকাঠামোর ওপর ব্যাপক চাপ তৈরি হয়। সেউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস জানিয়েছেন, পরে অধিকাংশ মানুষ চলে গেলেও এখনো ১৫ হাজারের বেশি অভিবাসী সেখানে অবস্থান করছেন। অভিবাসীদের এই ঢল ঠেকাতে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হওয়ার অভিযোগে তিনি প্রধানমন্ত্রী সানচেজকে দায়ী করেছেন। এই সংকট অভিবাসন নীতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভেতরের মতপার্থক্যও সামনে নিয়ে এসেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন ইউরোপীয় নেতা ইউরোপের পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চল থেকে স্পেনকে সাময়িকভাবে বরখাস্ত করার আহ্বান জানান। রোম সাময়িকভাবে স্পেন থেকে আসা যাত্রীদের ওপর সীমান্ত তল্লাশি আবার চালু করলে মাদ্রিদও পাল্টা ব্যবস্থা নেয়। তবে অক্টোবরে দুই দেশই এসব বিধিনিষেধ তুলে নেয়। এদিকে ভক্স কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ এবং সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে।
ন্যাটো ও সামরিক ব্যয়ের বিষয়েও স্পেনের রাজনীতিতে বড় ধরনের মতবিভেদ রয়েছে। ১৯৮২ সাল থেকে ন্যাটোর সদস্য হলেও সামরিক জোটটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপের সবচেয়ে কড়া বিরোধীদের একজন পেদ্রো সানচেজ। ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের নতুন লক্ষ্যমাত্রাকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। তাঁর দাবি, ২ দশমিক ১ শতাংশ বরাদ্দ দিয়েই মাদ্রিদ নিজের প্রতিশ্রুতি পূরণ করতে পারবে। সানচেজ দাবি করেছিলেন, গত বছর দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে তিনি এ বিষয়ে ছাড় পেয়েছেন। তবে ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে তাঁর এই দাবি অস্বীকার করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের পরামর্শ দেন এবং দেশটির ওপর শুল্ক আরোপের হুমকি দেন। তবে গত জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনেও সামরিক ব্যয় বাড়ানোর এই লক্ষ্যমাত্রার বিরোধিতা অব্যাহত রাখেন সানচেজ।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে মাদ্রিদ। এর জেরে স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন ট্রাম্প। গত মঙ্গলবার সানচেজ স্পেনের প্রতিরক্ষা আইন সংশোধন করে যেকোনো ‘অবৈধ যুদ্ধে’ দেশটির অংশগ্রহণ নিষিদ্ধ করার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান অভিযানকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে চালানো হামলার সঙ্গে তুলনা করেছেন তিনি। এ ছাড়া মার্কিন মিত্র ইসরায়েলেরও কঠোর সমালোচক সানচেজ। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। ২০২৪ সালে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ইসরায়েলের তীব্র নিন্দার মুখে পড়ে দেশটি।
প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির বিষয়ে স্পেনের বিরোধী দলগুলোর মধ্যেও মতপার্থক্য রয়েছে। পিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং ন্যাটোর প্রতিশ্রুতি পূরণে সামরিক বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ভক্সও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে। অন্যদিকে ফ্রেন্তে আম্পলিও সামরিক ব্যয় কমানোর পক্ষে অবস্থান নিয়েছে এবং পোদেমোস চায় স্পেন ন্যাটো জোট থেকে বেরিয়ে আসুক।
সরকার পরিবর্তন হলে ইউক্রেনের প্রতি স্পেনের সমর্থনে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। ২০২২ সালে ইউক্রেন সংঘাত তীব্র হওয়ার পর থেকে কিয়েভকে সামরিক সহায়তা দেওয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। ইউরোপীয় কাউন্সিলের তথ্য অনুযায়ী, ইইউ এবং এর সদস্য দেশগুলো এখন পর্যন্ত ইউক্রেনকে প্রায় ১০০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দিয়েছে। মাদ্রিদ ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি ৯ হাজারের বেশি ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। গত মার্চে সানচেজ ২০২৬ সালের জন্য আরও ১ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার ঘোষণা দেন। এতে ইউক্রেনের জন্য স্পেনের মোট সহায়তার প্রতিশ্রুতি দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ইউরোতে। এই সহায়তা প্যাকেজের মধ্যে যৌথভাবে অস্ত্র উৎপাদনের বিষয়টিও রয়েছে। রক্ষণশীল পিপি কিয়েভকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে পোদেমোস আলোচনার মাধ্যমে সংকট সমাধান এবং নিরস্ত্রীকরণ ও সহযোগিতার ভিত্তিতে ইউরোপীয় নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দিয়েছে।
আগামী রোববারের নির্বাচনে বিদেশে বসবাসরত প্রায় ২৮ লাখ প্রবাসীসহ মোট প্রায় ৩ কোটি ৮৭ লাখ স্প্যানিশ নাগরিক ভোট দেওয়ার যোগ্য। স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। তবে মূল ভূখণ্ডে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পর ক্যানারি দ্বীপপুঞ্জে ভোটগ্রহণ শেষ হবে। রোববার সন্ধ্যায় নির্বাচনের প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







