জাতীয়

পুষ্টিসমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী সক্ষমতা বেশি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,২৬ নভেম্বর-পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা বেশি বিকশিত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূর করতেও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তোলার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয় নয়, এর সঙ্গে দেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়টিও গভীরভাবে জড়িত।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

আজ থেকে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এস এম/ ২৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language