বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, জনপ্রতি সাশ্রয় প্রায় ২ লাখ টাকা

ঢাকা,২৬ নভেম্বর-বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাওয়া ১১২ বাংলাদেশি কর্মী আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা হবেন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানিয়েছেন।
বোয়েসেল জানিয়েছে, এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাঁদের চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়ন করা যাবে। নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে।
আজ বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তাঁদের বিদায় জানাবেন।
এই কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ও বিমান টিকিটের খরচ নিয়োগকর্তা বহন করছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, এই ব্যবস্থার ফলে প্রত্যেক কর্মীর আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ জন কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়াটি ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়।
বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।
সরকারি এই কর্মসূচিতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নাম ব্যবহার করে কেউ অর্থ চাইলে সেটিকে প্রতারণা হিসেবে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







