যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে দুই ঝড়ের আঘাতের আশঙ্কা, ৬ হাজারের বেশি ফ্লাইট বিলম্ব

ওয়াশিংটন, ২৬ নভেম্বর-থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণকারীদের দুর্ভোগ বাড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলে একই সময়ে আঘাত হানতে যাচ্ছে দুটি ঝড়। এর প্রভাবে আকাশপথে যাতায়াতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ইতিমধ্যে ৬ হাজারের বেশি ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব হয়েছে। বাতিল করা হয়েছে ৭৫টিরও বেশি ফ্লাইট।
মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে এরপরও বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি। ঝড় ও বৃষ্টির পূর্বাভাসের কারণে ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে শততম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড।
এদিকে, পশ্চিম উপকূলে ঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। তীব্র জলোচ্ছ্বাসে সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকা এলাকায় একটি জেটির কিছু অংশ ভেঙে পড়েছে। সান দিয়েগোতে জোয়ারের পানির উচ্চতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
পূর্ব উপকূলেও পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২০১২ সালের সুপারস্টর্ম স্যান্ডির পর এবারই সেখানে পানির উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। পাশাপাশি প্রবল বাতাসের কারণে ডেলাওয়্যার ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







