শর্ত ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক

ওয়াশিংটন, ২৬ নভেম্বর-যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক কোনো শর্ত ছাড়াই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার পক্ষে মত দিয়েছেন। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও ইপসোসের যৌথভাবে পরিচালিত নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। গত মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক এখনই সংঘাত বন্ধের পক্ষে রয়েছেন।
দলীয় অবস্থান বিবেচনায় ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ, স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ এবং রিপাবলিকানদের ২৫ শতাংশ যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন ২১ শতাংশ মানুষ। আর মাত্র ১৮ শতাংশ নাগরিক সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে সমর্থন জানিয়েছেন।
এই সংঘাতের কারণে সাধারণ মার্কিন পরিবারগুলোর জ্বালানি খরচ অনেক বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২ দশমিক ৯৮ ডলার। মে মাসে তা বেড়ে ৪ দশমিক ৫৬ ডলারে পৌঁছায়। সর্বশেষ মঙ্গলবার দাম কিছুটা কমে ৩ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। ইনস্টিটিউট অন ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গ্যাসোলিন ও ডিজেলের বাড়তি দামের কারণে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে অতিরিক্ত ১ হাজার ৬৮ ডলার খরচ করতে হয়েছে। এর মধ্যে প্রায় ৫৩০ ডলার সরাসরি পাম্প থেকে জ্বালানি কেনার পেছনে ব্যয় হয়েছে।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও এই যুদ্ধের বড় প্রভাব পড়েছে। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের এই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ইরান সংঘাতের সমাধান করতে ওয়াশিংটনের ব্যর্থতাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এপি ভোটার পোলের তথ্য অনুযায়ী, প্রতি ১০ জন ভোটারের মধ্যে প্রায় ৬ জন মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল।
নির্বাচনের ফল প্রকাশের পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে এবং আমরা এই বার্তাকে সমর্থন করি।
বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিচ্ছিন্নভাবে পাল্টাপাল্টি হামলা চলছে। চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে সর্বশেষ পরোক্ষ আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। গত মঙ্গলবার গালিবাফ জানান, ওয়াশিংটন ইরানের সাতটি শর্ত পূরণ করলেই কেবল তেহরান আবার আলোচনায় বসবে। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড় করা এবং নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়া। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান তাঁর শর্ত মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। তিনি জোর দিয়ে বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। যদিও তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করছে।
কূটনৈতিক প্রচেষ্টা থেমে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু করেছেন বলে মঙ্গলবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্য শীর্ষ কর্মকর্তারা নিহত হন। তবে এতে ইরানি রাষ্ট্রের পতন ঘটেনি বা তেহরান দ্রুত আত্মসমর্পণেও বাধ্য হয়নি।
এদিকে, সিনেটের কয়েকজন ডেমোক্র্যাট সদস্য পরবর্তী ব্যয় বিলে যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ বন্ধের দাবি জানিয়েছেন। জ্যেষ্ঠ রিপাবলিকানরাও এ বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে, প্রেসিডেন্টের ভেটো এবং সরকারি কার্যক্রম অচল বা শাটডাউন হওয়ার ঝুঁকি থাকলেও ৩১ শতাংশ মার্কিন নাগরিক যুদ্ধের তহবিল বন্ধের এই পদক্ষেপকে সমর্থন করেন।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







