জাতীয়

সীমান্তের ওপার থেকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, অস্থিরতা তৈরির অভিযোগ রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা,২৬ নভেম্বর-তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট দেশ নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। এ সময় নবগঠিত কেন্দ্রীয় শ্রমিক দলের নেতারা তাঁর সঙ্গে ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তাঁর উদ্যোগে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, নতুন মজুরি কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং গ্রেড অনুযায়ী সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

দেশে ক্রান্তিকাল তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের কিছু লোককে দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে। তিনি বলেন, ‘যে দেশের লোক লুঙ্গি পরে স্টেইনগান হাতে দেশ স্বাধীন করেছে, সে দেশ দখল করা এত সহজ নয়।’

এস এম/ ২৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language