দক্ষিণ এশিয়া

ভারতের পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ নাকচ নয়াদিল্লির

ভারতের পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দিল্লি,২৬ নভেম্বর-ভারতের পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ওয়াশিংটনের পাঠানো নোটিশ পর্যালোচনা করছে নয়াদিল্লি। তবে ভারতের কোনো উৎপাদন খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। একই সঙ্গে বাণিজ্যসংক্রান্ত বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে ভারত।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে ১৪টি অর্থনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) যে তদন্ত শুরু করেছে, সে বিষয়ে প্রকাশিত নোটিশ ও সংশ্লিষ্ট মতামত আহ্বানের বিষয়টি পর্যালোচনা করছে ভারত সরকার।

বিবৃতিতে ভারতের অবস্থান জানিয়ে বলা হয়েছে, দেশটির কোনো উৎপাদন খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।

ওয়াশিংটনের অভিযোগ, ভারত অভ্যন্তরীণ চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে। পাশাপাশি দেশটির বাজারে বিদেশি পণ্যের প্রবেশ কঠিন। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় না। এসব নীতির কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তের ভিত্তিতেই শুল্ক আরোপের এই প্রস্তাব সামনে এসেছে। গত মার্চে ইউএসটিআর ১৬টি অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে এ তদন্ত শুরু করে। এরপর কয়েক মাস ধরে এসব অঞ্চলের উৎপাদননীতি ও কর্মকাণ্ড পর্যালোচনা করছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের দাবি, অতিরিক্ত উৎপাদনের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যায়, যা মার্কিন উৎপাদনশিল্পের জন্য ক্ষতিকর।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অভিযোগ করেছেন, কয়েক দশক ধরে অনেক বাণিজ্য অংশীদার এমন শিল্পনীতি অনুসরণ করছে, যার মাধ্যমে তাদের উৎপাদন খাত কৃত্রিম সুবিধা পাচ্ছে। এসব নীতির মধ্যে রয়েছে পরিকল্পিতভাবে উৎপাদন খাতে সহায়তা দেওয়া, মজুরি ও শ্রমিকদের অধিকার নিয়ন্ত্রণ, আর্থিক প্রণোদনা এবং বাজারব্যবস্থাকে প্রভাবিত করে এমন বিভিন্ন পদক্ষেপ। তাঁর মতে, এসব উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য ভারসাম্য তৈরিতে সহায়তা করলেও যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করে দিচ্ছে।

ইউএসটিআরের ‘উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত ভারতের কর্মকাণ্ড, নীতি ও চর্চা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য ভারতের অনুকূলে রয়েছে। অর্থাৎ এসব খাতে ভারত যুক্তরাষ্ট্রে যত পণ্য রপ্তানি করে, তার তুলনায় কম পণ্য আমদানি করে।

সংস্থাটির প্রতিবেদনে বিশেষভাবে ওষুধ, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পণ্যের কথা উল্লেখ করা হয়েছে। ইউএসটিআরের দাবি, এসব খাতে ভারতের বাণিজ্য উদ্বৃত্তের কারণে দেশটির উৎপাদনের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতার বিষয়টিও স্পষ্ট হয়েছে।

ভারত ছাড়াও চীনসহ আরও কয়েকটি দেশের পণ্যে ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই বাণিজ্য চুক্তি রয়েছে, এমন কয়েকটি অর্থনীতির জন্য তুলনামূলক কম শুল্কের প্রস্তাব করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে ১৫ শতাংশ শুল্ক নির্ধারণের প্রস্তাব এসেছে। এই হারের মধ্যে প্রচলিত আমদানি শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে দেশটির পণ্যে শুল্কের হার হবে ২০ শতাংশ।

এর আগে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ব্যাপকভিত্তিক বাণিজ্য শুল্ক বাতিল করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালতের ওই সিদ্ধান্তের পর বিকল্প আইনি কাঠামো ব্যবহার করে বাণিজ্যসংক্রান্ত দুটি তদন্ত শুরু করে ইউএসটিআর।

এর মধ্যে একটি তদন্তে প্রায় ১০০টি দেশসহ ৬০টি অর্থনৈতিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য রপ্তানির নিয়ম লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য তদন্তটি ১৬টি অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এতে অতিরিক্ত উৎপাদনকে উৎসাহিত করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাতেও। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে চূড়ান্ত হওয়া বাণিজ্য কাঠামোটি শুল্ক বাতিলের সিদ্ধান্তের পর আবার আলোচনার পর্যায়ে ফিরে যায়। বর্তমানে দুই দেশ একটি অন্তর্বর্তী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্য নিয়ে যেকোনো ধরনের উদ্বেগ আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত বলে মনে করে নয়াদিল্লি। ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

এদিকে, প্রস্তাবিত শুল্ক নিয়ে আগামী ২৫ জানুয়ারি জনশুনানির আয়োজন করতে যাচ্ছে ইউএসটিআর। এ বিষয়ে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত প্রস্তাবটি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদের মতামত জানানোর সুযোগ পাবে।

এস এম/ ২৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language